


নিজস্ব প্রতিনিধি কলকাতা: জমি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। নতুন দুই মামলায় গ্রেফতার করতে পারে পুলিশ, এই আশঙ্কায় শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি ভট্টাচার্য যদিও আর্জি খারিজ করে দেন। আদালত জানায়, দ্রুত শুনানি সম্ভব নয়, তালিকা অনুযায়ী শুনানি হবে। সুমিতের আইনজীবী জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে আরও চারটি এফআইআর হয়েছে, সে কারণেই হাইকোর্টে আবেদন।
এর আগে দু’টি এফআইআর’য়ের ক্ষেত্রে আগাম জামিন পেয়েছিলেন অভিষেকের আপ্ত সহায়ক। বৃহস্পতিবার জমি-দুর্নীতি মামলায় সুমিতকে রক্ষাকবচ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চের নির্দেশ, পরবর্তী শুনানির দিন পর্যন্ত এই মামলায় সুমিতকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। ১৪ অগস্ট মামলার পরবর্তী শুনানি।