


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিজেপি ক্ষমতায় আসার পরে রাজ্যজুড়ে ধরপাকড় চলছে। একাধিক অভিযোগে উত্তর ২৪ পরগনার হালিশহরে এক তৃণমূলকর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশি হেফাজতে তাঁর মৃত্যুর ঘটনা ঘটেছে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, মৃত তৃণমূলকর্মীর নাম বিরজু কেওট। গতকাল, শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তোলাবাজি ও হুমকির অভিযোগ ছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশের দাবি, আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ লকআপের মধ্যেই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বিরজু। তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহ ম্যাজেস্ট্রিয়াল ইনকোয়েস্ট হবে।
হেফাজতে বন্দির মৃত্যুর ঘটনায় স্বভাবতই প্রবল অস্বস্তিতে পুলিশ প্রশাসন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিপি এবং এসিপি। লক আপের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ঘটনার সময় লক আপের দায়িত্বে থাকা পুলিশকর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে নিয়ম অনুযায়ী বিষয়টি জানানো হয়েছে মানবাধিকার কমিশনে। বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত কুমার সিং জানিয়েছেন, তদন্ত চলছে। সমস্ত দিক খতিয়ে দেখা হবে।