


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর লুকোচুরি নয়। অবশেষে দেখা মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। এদিন প্রায় ১০ নাগাদ ভবানী ভবনে পৌঁছন তিনি। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি প্রতারণা মামলায় তলব করা হয়েছিল তাঁকে। গতকাল রাতে এই মামলার জেরে নোটিশ দেওয়া হয় সিআইডির তরফে। সেই নোটিশে সাড়া দিয়ে এদিন নির্ধারিত সময়ে ভবানী ভবনে পৌঁছন তিনি। পাশাপাশি এই মামলা ছাড়াও সুমিতের মাথার উপর ঝুলছিল একাধিক মামলা। সেই কারণে একাধিকবার আদালতের দারস্থ হতে হয় তাঁকে।
জানা গিয়েছে, শালবনিতে জমি প্রতারণা মামলায় সুমিতের খোঁজে ছিল সিআইডি। কিন্তু হদিশ মেলেনি তাঁর। গতকাল রাতে সিআইডির একটি টিম টালিগঞ্জের মহাবীরতলায় সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিশ দেয়। সেই সময়ও দেখা মেলেনি সুমিতের। এদিকে তাঁর বিরুদ্ধে নতুন করে আরও দুটি মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। তাই রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। শুক্রবার সুমিতের আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু বিচারপতি অবশ্য সেই আর্জি খারিজ করে জানিয়ে দেন দ্রুত শুনানি সম্ভব নয়। তালিকা অনুযায়ী শুনানি হবে। এখনও পর্যন্ত সুমিতের বিরুদ্ধে মোট ৪টি এফআইআর দায়ের হয়েছে। এর আগে দুটি মামলায় আগাম জামিন পেয়েছিলেন তিনি। মাসখানেক আগে শালবনির জমি সংক্রান্ত মামলায় সুমিতের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় শালবনি থানার পুলিশ। দীর্ঘক্ষণ চলে তল্লাশি। কিন্তু পাওয়া যায়নি সুমিতকে। সেই থেকেই নিখোঁজ ছিলেন সুমিত। এরপরে পুলিশের আবেদনে মেদিনীপুর আদালতে সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুকআউট নোটিশ জারি করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী। আর আজ অবশেষে ভবানী ভবনে তদন্তকারীদের মুখোমুখি হলেন সুমিত রায়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা।