


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্ষণে বাধা পেয়ে যুবতীর যৌনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। তার আগে যুবতীর হাত বেঁধে দেয় অভিযুক্ত। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকায়। অভিযুক্ত গৌর মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ব্লেড দিয়ে আঘাতসহ একাধিক ধারায় কেস রুজু করেছে থানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা গৌরের বাড়িতে ভাড়া থাকেন অভিযোগকারিণী। শনিবার তিনি ঘরে একা ছিলেন। অভিযোগ, দরজা খোলা দেখে ঘরে ঢুকে পড়ে অভিযুক্ত। যুবতীকে পিছন থেকে জড়িয়ে ধরে। তিনি হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন অভিযুক্তকে। এই সময় ঘরে থাকা দড়ি নিয়ে তাঁর দুই হাত বেঁধে দেয় যুবক। এরপর তাঁকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু যুবতী শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে তাঁকে বাধা দেন। তাকে লাথি মেরে সরিয়ে দেবার চেষ্টা করেন। এমন সময় ঘরে থাকা ব্লেড নিয়ে এসে যুবতীর যৌনাঙ্গে চালিয়ে দেয় যুবক। রক্তাক্ত হয়ে পড়েন যুবতী। পালায় অভিযুক্ত।
যুবতীর চিৎকার শুনে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা আসেন। তাঁরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন যুবতী। তিনি জানান ঘটনাটি ঘটিয়েছে বাড়িওয়ালা গৌর। খবর পেয়ে আসে প্রগতি ময়দান থানা। তারা ওই যুবতীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের চেষ্টা, ব্লেড দিয়ে আঘাতসহ একাধিক ধারায় কেস রুজু হয়। রবিবার দুপুরে অভিযুক্ত গৌরকে গ্রেপ্তার করে প্রগতি ময়দান থানা। অভিযুক্তকে সোমবার আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, গৌরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও ব্লেড দিয়ে আহত করার প্রমাণ নেই। সরকারি আইনজীবী সাজ্জাদ আলি বলেন, অভিযুক্ত ধর্ষণে বাধা পেয়ে যে যুবতীর যৌনাঙ্গে আঘাত করেছে তার প্রমাণ রয়েছে। মেডিকেল রিপোর্ট আছে। সওয়াল শেষে তাকে পুলিশি হেপাজতে পাঠানো হয়।