


বহরমপুর, ১৫ জুন: মুর্শিদাবাদের ফরাক্কার ভাড়াবাড়ি থেকে মাদক চক্রের পর্দাফাঁস করল পুলিশ। চার মহিলা সহ মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিহার থেকে এসে মুর্শিদাবাদের ফরাক্কায় আস্তানা গেড়েছিল তারা। উদ্দেশ্য, ঘর ভাড়া নিয়ে রমরমিয়ে হেরোইন তৈরির কারবার চালানো। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ নিউ ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে লোহাপট্টি এলাকায় আচমকা হানা দেয়। আর তাতেই হাতেনাতে ধরা পড়ে গেল সাত মাদক কারবারি। চাঞ্চল্যকর বিষয় হল, ধৃতদের মধ্যে চার জনই মহিলা। তবে এই চক্রের মূল পাণ্ডা এখনও পলাতক। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।