


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: উপনির্বাচনের ফলপ্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তথ্য ভুল বলে নির্বাচন কমিশনের তরফে বিবৃতি জারি করা হয়েছিল। আর তার বিরুদ্ধে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন সাংসদ সৈকত গোখলের বিরুদ্ধে রেজিনগর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। এবার তার কিছু ঘণ্টা পরেই একই কারণে শক্তিপুর থানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা দায়ের হল আজ সোমবার। ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার দায়ে অভিযোগ দায়ের করলেন রিটার্নিং অফিসার।
ঘটনার সূত্রপাত একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি খবরের স্ক্রিনশটকে ঘিরে। রেজিনগরের ১০৯ নম্বর বুথের ভোটগণনা নিয়ে ওই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সৈকত গোখলে সেটি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন। সেখানে দাবি করা হয়, ওই বুথে ৭৭২টি ভোট পড়লেও বিজেপি প্রার্থী ৯০৯টি ভোট পেয়েছেন। পাশাপাশি, হুমায়ুন কবীরের দলের প্রার্থী পেয়েছেন মাত্র একটি ভোট। এই তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেওয়া তথ্য সঠিক নয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যকে ভুল বলে জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব ও দেন মুর্শিদাবাদের জেলা নির্বাচনি আধিকারিক (ডিইও)। প্রশাসনের তরফে জানানো হয়, রেজিনগর বিধানসভার ১০৯ নম্বর বুথে মোট ভোটার ১১০৯ জন। তাঁদের মধ্যে ৫৫৫ জন পুরুষ এবং ৫৩৪ জন মহিলা ভোটার। ওই বুথে উপনির্বাচনে মোট ৯৭২টি ভোট পড়েছিল।