


ওয়াশিংটন: আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় একটি মার্কিন সংস্থার দাবি ঘিরে চাঞ্চল্য। তাদের দাবি, দুর্ঘটনার আগেও বারবার ত্রুটি দেখা গিয়েছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিতে। গত ১২ জুন আমেদাবাদের একটি মেডিকেল কলেজের ছাদে ভেঙে পড়ে লন্ডনগামী বোয়িং ৭৮৭ বিমানটি। এরইমধ্যে মার্কিন সংস্থার দাবি, গত এক দশকে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত, রক্ষণাবেক্ষণ সহ একাধিক ত্রুটি বারবার দেখা গিয়েছে বিমানটিতে। গত ১২ জানুয়ারি মার্কিন সেনেটে এই রিপোর্ট জমা দিয়েছে দ্য ফাউন্টেশন ফর অ্যাভিয়েশন সেফটি নামে ওই সংস্থা।
রিপোর্টে বলা হয়েছে, গত ১১ বছরে বারবার ওই বিমানের ইলেকট্রিক্যাল সিস্টেমে সমস্যা ধরা পড়েছে। যার নেপথ্যে ছিল প্রযুক্তিগত ত্রুটি। সংস্থাটির মতে, বিমানটির প্রাথমিক নকশাতেই ত্রুটি ছিল। রক্ষণাবেক্ষণও সঠিকভাবে হয়নি। শুধু তাই নয়, বিমানটিতে একাধিকবার ধোঁয়া বা আগুনের ফুলকি দেখতে পাওয়ার মতো ঘটনা ঘটেছে। ছিল সফটওয়্যার সংক্রান্ত সমস্যাও। বিমানের একটি পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে বদল করা হয়েছিল। প্রসঙ্গত, আমেদাবাদ দুর্ঘটনার প্রাথমিক তদন্তে উঠে এসেছিল ফুয়েল কন্ট্রোল সুইচ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ। সেক্ষেত্রে বারবার পাইলটদের ভুলের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। যার সঙ্গে মার্কিন সংস্থার রিপোর্টের বিস্তর ফারাক রয়েছে।