


শিশির ঘোষ: এই খেলার জন্য সত্যিই কি কোচের প্রয়োজন? ময়দান থেকে ১১জনকে ধরে লাল-হলুদ জার্সি পরিয়ে মাঠে নামালে এর থেকে খুব খারাপ কিছু হত না। ইস্ট বেঙ্গল লগ্নিকারী সংস্থার উচিত, পরের ম্যাচ থেকে প্রতিটি টিকিটের সঙ্গে একটি করে স্যারিডন উপহার দেওয়া। মাঠে বসে টানা ৯০ মিনিট এই খেলা দেখা সত্যিই কষ্টের। এরা কারা? গায়ে বড় দলের জার্সি চাপিয়েছে কোন সাহসে? কারাই বা এদের রিক্রুট করেন? ফুটবলের বেসিকটাও অজানা। যেভাবে গোলটা খেল, তা সত্যিই লজ্জার। পাড়ার খেলাতেও এর চেয়ে ভালো ম্যান মার্কিং হয়। আসলে এই ইস্ট বেঙ্গলের জেতার ইচ্ছেটাই হারিয়ে গিয়েছে। কোচ অস্কার ব্রুজোঁর ঝুলিতে কোনও প্ল্যান বি নেই। আছে শুধু বুকনি। একজন কোচ তখনই ভালো, যখন তাঁর দল ধারাবাহিকভাবে মাঠে সেরাটা মেলে ধরে। অথচ লিগের প্রথম দু’টি ম্যাচে জয়ের পরই ধরাকে সরা মনে করেছিলেন স্প্যানিশ কোচ। তারই খেসারত পরের তিন ম্যাচে দিতে হল। কোচের পাশাপাশি দায় নিতে হবে ফুটবলারদের। টানা চার ম্যাচ হেরে খেলতে নামা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে শুরুতে লিড নিয়েও বাকি ম্যাচটা শুধুই ইভনিং ওয়াক করতে দেখলাম মিগুয়েলদের। মাঝমাঠে বল হোল্ড করে খেলার মতো কোনও ফুটবলার নেই। আপফ্রন্টের হাল আরও খারাপ। প্রথম দু’টি ম্যাচে চার গোল করা এজেজ্জারিকে নিয়ে কতই না লাফালাফি হয়েছিল। অথচ আজ যে গোলটা সে মিস করল, আমাদের সময় হলে নির্ঘাত কোচের কানমলা খেতে হত।
রিজার্ভ বেঞ্চের গভীরতার উপর নির্ভর করে সেই দলের সাফল্য। অথচ এই ইস্ট বেঙ্গল দলের বেঞ্চে এমন একজনও ফুটবলার নেই, যে পরিবর্ত হিসেবে নেমে ম্যাচের রং বদলে দিতে পারে। কয়েক বছর আগেও জয় গুপ্তার মতো ফুটবলার কলকাতা ময়দানে দ্বিতীয় ডিভিশন ক্লাবেও জার্সি পেত না। অথচ এরাই নাকি এখন দেশের এক নম্বর লিগের নির্ভরযোগ্য ফুটবলার! এর থেকেই পরিষ্কার, এই ইস্ট বেঙ্গল দল কতটা ফাঁপা। টানা তিন ম্যাচে পয়েন্ট নষ্টে খেতাব জয়ের আশা শেষ। তবে এখনও লজ্জা এড়ানোর সুযোগ রয়েছে। ব্রজোঁর পরিবর্তে কোচের পদবী ব্যানার্জি বা ভট্টাচার্য হলে এতোক্ষণে ছাঁটাইয়ের কাগজ হাতে পেয়ে যেতেন। তবে স্রেফ বিদেশি বলে হয়তো অস্কারের চাকরি এখনও বহাল। তাই স্প্যানিশ কোচের উচিত, দলের শক্তি বুঝে পরিকল্পনা করা। না হলে লিগ শেষের আগেই প্রাক্তনদের তালিকায় নাম লেখাতে হবে। অবশ্য হাবেভাবে বুঝতে অসুবিধা হয় না যে, অস্কার নিজেকে পালটাতে মরিয়া। না হলে সাংবাদিক সম্মেলেনে তাঁকে বলতে শোনা যেত, এই ব্যর্থতার দায় আমার। প্লেয়ার্স কোচ হতে না পারলে টিম স্পিরিট তৈরি হয় না।