


ঢাকা: জমি দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোায়ানা জারি করল ঢাকার আদালত। হাসিনা ছাড়াও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও আরও ১৬ জনের বিরুদ্ধেও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রেোপলিটান আদালত জানিয়েছে, পূর্বাচল আবাসন প্রকল্পের জমি বেআইনিভাবে নিজেদের নামে করেছেন অভিযুক্তরা। দুর্নীতি দমন কমিশন বা দুদক তাঁদের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে, তার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। গত রবিবারই পূর্বাচলের জমি সংক্রান্ত অন্য তিনটি মামলায় চার্জশিট পেশ করেছিল দুদক। তার ভিত্তিতে হাসিনা, তাঁর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, হাসিনার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, রেহানার মেয়ে তথা ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিক সহ মোট ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত। এদিন আদালত জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারি নিয়ে ২৯ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া ঢাকার ১২টির বেশি থানাকেও গ্রেপ্তারি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে, মঙ্গলবার ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দিল বাংলাদেশ। এদিন জাতীয় রাজস্ব বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বন্ধ করা হয়েছে। তবে জল বা আকাশপথে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে না। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই স্থলপথে ভারত থেকে সুতো আমদানি বন্ধ করার দাবি জানিয়ে আসছে। তাদের দাবি, ভারতের সুতো মূলত কলকাতা হয়ে বাংলাদেশে আসে। সেই সুতোর দাম অত্যন্ত কম হওয়ায় ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশের সুতো উত্পাদনকারী সংস্থাগুলি।