


নয়াদিল্লি: এ যেন এক সের দুধে এক ফোঁটা চোনা। বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন অর্শদীপ সিং। কাটা গেল ১৫ শতাংশ ম্যাচ ফি। গত রবিবার খেতাবি লড়াইয়ে নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে ঘটনাটি ঘটে। অর্শদীপের দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে ছক্কা হাঁকান মিচেল। কিছুটা চাপে পড়ে যান ভারতের বাঁ হাতি পেসার। পরের বলটি হয় ওয়াইড। তবে চতুর্থ ডেলিভারিতে কোনও রান হয়নি। কিন্তু পঞ্চম বলটি ফুলটস দেন অর্শদীপ। মিচেল চেয়েছিলেন ছক্কা মারতে। কিন্তু ব্যাটে-বলে সংযোগ হয়নি। ফলে বলটি ফিরে যায় বোলার অর্শদীপের হাতে। সঙ্গে সঙ্গে তিনি বলটি ধরে ছুড়ে দেন মিচলের দিকে। কিউয়ি ব্যাটারের বাঁ পায়ের উরুতে আঘাত করে বলটি।