


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের বেকারি শিল্পকে পুনরুজ্জীবিত করতে একগুচ্ছ দাবি তুলে ধরল ওয়েস্ট বেঙ্গল বেকার্স কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের পক্ষ থেকে রাজ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া প্রস্তাবে এই শিল্পের সংকট কাটাতে সাত দফা দাবি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ময়দা, চিনি, ভোজ্য তেলের মতো কাঁচামালগুলি অগ্নিমূল্য হওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে বেকারি শিল্পের উপর। যা অবিলম্বে নিয়ন্ত্রিত না হলে পাউরুটি, বিস্কুটসহ অন্যান্য বেকারি পণ্যের উৎপাদন ব্যাপকভাবে ধাক্কা খাবে। তাই কাঁচামালের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি কাঁচামাল ও প্রস্তুত করা খাদ্যের মান যাচাইয়ের জন্য আধুনিক পরীক্ষাগার গড়ে তোলার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে বেকারি শিল্পের কনফেকশনারি পণ্যের উপর বর্তমানে থাকা ৫ শতাংশ জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। সংগঠনের মতে, জিএসটির পাশাপাশি কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে বহু ছোটো ও মাঝারি বেকারি উৎপাদন কমাতে বা বন্ধ করতে বাধ্য হয়েছে। এর ফলে কর্মসংস্থানের উপরও নেতিবাচক প্রভাব পড়েছে।
এছাড়া, স্বল্প সুদে সহজ শর্তে ঋণের ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ এবং একটি বেকারি ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এই কর্পোরেশনে ব্যাংক, খাদ্য প্রযুক্তিবিদ, শিল্পদপ্তর ও বেকারি শিল্পের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বেকারি মালিক ও কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং পরীক্ষামূলকভাবে মিড-ডে মিল প্রকল্পে বেকারি পণ্য অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে। এই প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের বেকারি শিল্পে নতুন বিনিয়োগ, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে আশাবাদী সংগঠন।