


সংবাদদাতা, বনগাঁ: এবার ভূতুড়ে ভোটার নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বাগদার এক তৃণমূল কংগ্রেস নেতা। তিনি দাবি করেছেন, বাগদা বিধানসভা কেন্দ্র এলাকায় কয়েক হাজার ভূতুড়ে ভোটার রয়েছেন। তাঁদের বেশিরভাগই আদতে বাংলাদেশের লোক, এমনকী তাঁরা এদেশে থাকেন না, অনেকে বাংলাদেশে চাকরি পর্যন্ত করেন। ভোটের সময় এদেশে এসে ভোট দিয়ে তাঁরা ফিরে যান। তাঁদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করবেন বলেও দাবি করেন এই তৃণমূল কংগ্রেস নেতা। বাগদা ব্লকে ৯টি গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে ৬টিতে তৃণমূল জয়ী হয়। হেলেঞ্চা, কনিয়াড়া-১ এবং কনিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে। সোমবার বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি অঘোরচন্দ্র হালদার দাবি করেন, গত পঞ্চায়েত নির্বাচনে ভূতুড়ে ভোটারের জোরেই বাগদায় তিনটি পঞ্চায়েতে বিজেপি জিতেছিল। তিনি বলেন, ‘হেলেঞ্চায় ইতিমধ্যে চারশোর বেশি ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। তাঁদের বেশিরভাগই বাংলাদেশের বাসিন্দা। বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে ওই লোকগুলির ভোটেই জিতেছিল। বিষয়টির তদন্তের জন্য ব্লক প্রশাসনকে জানাব।’
তৃণমূল নেতার এই অভিযোগ উড়িয়ে দিয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য বিধান হাওলাদার বলেন, বাগদা মতুয়া অধ্যুষিত এলাকা। মতুয়ারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই বেছে বেছে মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে তৃণমূল। এই অপচেষ্টার ধিক্কার জানাই আমরা।’২৭ ফেব্রুয়ারি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভুয়ো ভোটার নিয়ে সরব হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তৎপর হতে দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি। এরপরই নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে বসেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি। এরপর ভুয়ো ভোটার নিয়ে এলাকায় স্কুটিনি শুরু করে তৃণমূল। ইতিমধ্যে কিছু ভোটারের নাম প্রকাশ্যে এনে তাঁদের ‘ভুয়ো’ দেগে দিয়েছে রাজ্যের শাসক দল। ভুয়ো ভোটার ইস্যুতে পাল্টা সরব হয়েছে বিজেপিও। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে বাগদার এক ভোটারের সঙ্গে বাংলাদেশ-যোগের তথ্যও প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ দেখিয়ে ওই ব্যক্তিকে ভুয়ো ভোটার বলে দাবি করেছে বিজেপি।