


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে মর্মান্তিক পরিণতি। ভাইকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন দাদা। ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অন্তর্গত মুরাগাছা এলাকায়। মৃতের নাম শিবশঙ্কর দাস ওরফে বাপ্পা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মুরাগাছা এলাকার পানশালার বাইরে দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারপিট শুরু হয়। সেই সংঘর্ষে জড়িয়ে পড়েন ঘোলা উত্তর যোগেন্দ্রনগরের বাসিন্দা বাবুসোনা দাস। পরিস্থিতি বেগতিক বুঝে তিনি তাঁর দাদা শিবশঙ্কর দাসকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। এরপর ভাইয়ের ফোন পেয়ে তাঁকে উদ্ধার করতে দ্রুত পানশালার সামনে পৌঁছন দাদা শিবশঙ্কর। সেই সময় দুষ্কৃতীরা বাবুসোনাকে রাস্তায় ফেলে মারধর করছিল বলে অভিযোগ। ভাইকে বাঁচাতে এগিয়ে যেতেই দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন শিবশঙ্কর। এরপর তাঁকে লক্ষ্য করে পেটে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট পানশালাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার পাশাপাশি পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লশি শুরু হয়েছে তদন্তকারী দল।