


সংগীত জগতের শ্রেষ্ঠ শিল্পীরা পুরস্কৃত হলেন। রবিবার রাতে লস এঞ্জেলসে ঘোষিত হল ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। বছরের সেরা গান নির্বাচিত হয়েছে বিলি আইলিশের ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’। বছরের সেরা অ্যালবাম পুরস্কারটি জিতল ব্যাড বনির ‘দেবি তিরার মাস ফটোস’। এই প্রথম স্প্যানিশ ভাষার কোনো অ্যালবাম এই পুরস্কার জিতল। স্টিফেন স্পিলবার্গের ‘মিউজিক ফর জন উইলিয়ামস’ ডকুমেন্টারিটি ‘সেরা মিউজিক ফিল্ম’ বিভাগে পুরস্কৃত হল। এই প্রথম গ্র্যামির মঞ্চে পুরস্কৃত হলেন পরিচালক। এ বছর সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রেভর নোয়া। একক পারফরম্যান্সে সেরা পপ তারকা নির্বাচিত হলেন লোলা ইয়ং। লেডি গাগা দু’টি পুরস্কার পেলেন। ‘মেহেম’ সেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও ‘আবরাকাডাবরা’র জন্য সেরা নাচ-পপ রেকর্ডিং বিভাগে পুরস্কৃত হয়েছেন লেডি গাগা। এই নিয়ে মোট ১৬বার গ্র্যামি জিতলেন শিল্পী। এদিন মঞ্চে গাগার পারফরম্যান্সও ছিল চমকপ্রদ। সেরা নতুন শিল্পী নির্বাচিত হলেন অলিভিয়া ডিন। ভারতের ঝুলিতে এ বছর কোনো পুরস্কার আসেনি। সেরা অডিও বুক ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে সম্মানিত হয়েছেন ধর্মগুরু দলাই লামা। তিনি মঞ্চে উপস্থিত ছিলেন না। তাঁর হয়ে পুরস্কার নেন সংগীতশিল্পী রুফাস ওয়েনরাইট। ধর্মগুরুর পুরস্কার পাওয়ার বিরোধিতা করেছে চীন।