


নয়াদিল্লি, ৪ নভেম্বর: অগ্নিবীরদের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর ঘোষণা করল ভারতীয় সেনাবাহিনী। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রমণি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে এই বাড়তি সময় সেনাবাহিনীতে কাজ করবেন কী না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্নিবীরদের নিজেদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে চালু হওয়া অগ্নিপথ প্রকল্পের আওতায় সেনা, বায়ুসেনা ও নৌসেনায় চার বছরের জন্য নিয়োগ করা হয় অগ্নিবীরদের। নিয়ম অনুযায়ী, চার বছর শেষে ৭৫ শতাংশ অগ্নিবীরকে অবসর দেওয়ার কথা এবং বাকি ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য নিয়মিত সেনাবাহিনীতে রাখার ব্যবস্থা রয়েছে। প্রথম দফায় তিন বাহিনীতে মোট প্রায় ২৪,৪০০ জন অগ্নিবীর নিয়োগ করা হয়েছিল। তাঁদের মধ্যে প্রায় ১৮,৩০০ জনের চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে চার বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নভেম্বরের মাঝামাঝি থেকেই তাঁদের পর্যায়ক্রমে ছাড়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তবে বিভিন্ন দায়িত্বে অগ্নিবীরদের কাজের প্রশংসা করেছে তিন বাহিনী। বিশেষ দক্ষতাসম্পন্ন অগ্নিবীরদের আরও বেশি সংখ্যায় ধরে রাখার বিষয়েও ভবিষ্যতে প্রকল্পে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন আধিকারিকরা।