


গান্ধীনগর, ৪ নভেম্বর: ভুয়ো ডাক্তারের খোঁজের জন্য বিশেষ অভিযান চালাল গুজরাত পুলিশ। ১৫ দিনের এই বিশেষ অভিযানের পর ৩৮ জন ভুয়ো ডাক্তারকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
জানা গিয়েছে, এই ধরনের ভুয়ো চিকিৎসক অবৈধভাবে রোগীদের চিকিৎসা করছিল বলে খবর আসে পুলিশের কাছে। তারপর তাদের খোঁজে ১৫ দিনের বিশেষ অভিযান শুরু করে গুজরাত পুলিশ। সেখান থেকেই ৩৮ জন সন্দেহভাজন চিকিৎসকের নাম চিহ্নিত করা হয়। তার মধ্যে থেকে ৩৫ জনের নামে এফআইআর করা হয়। স্বাস্থ্য দপ্তর ও পুলিশের মোট ২৯৮ জনকে নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়। তাঁরা যৌথভাবে এই বিশেষ অভিযানে অংশ নেন এবং ভুয়ো ডাক্তারদের চিহ্নিত কর। সবথেকে বেশি রাজকোট জেলা থেকে ভুয়ো চিকিৎসক ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ওই ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ, তারা কোনো যোগ্যতা ছাড়াই রোগীদের চিকিৎসা করছিলেন। তাদের কাছ থেকে কোনো ডাক্তারির সার্টিফিকেট ছিল না। এখনও তদন্ত চলছে। পুরো তদন্তের পর গোটা বিষয়টা জানা যাবে। গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পনশেরিয়া জানান, ‘রাজ্যের কোথাও কোনো ভুয়ো ডাক্তার সাধারণ মানুষের জীবন নিয়ে যেন ছিনিমিনি না খেলতে পারে। এই অভিযান শুধু ১৫ দিনের জন্য নয়। উৎসবের মরশুম শেষ হওয়ার পর আরও জোরদারভাবে অভিযান চালানো হবে।’