


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রথমে শুরু হয়েছিল নরেন্দ্র মোদির জন্মদিনের মাসকে সেবাপক্ষ হিসেবে পালন করা। কিছুদিন আগেই হল স্বাধীন ভারতের সবথেকে বেশিদিন ধরে প্রধানমন্ত্রী পদে থাকার কৃতিত্বের উদযাপন। এবার আবার নতুন কর্মসূচি নরেন্দ্র মোদির সাফল্যকে কেন্দ্র করে। প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী এবং তারপর প্রধানমন্ত্রী- রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পদে একটানা থাকার ২৫ বছর পূর্তি হল। এবার সেই সাফল্যকে পালন করবে বিজেপি একমাস ধরে। বিজেপির পরিচিত ছিল রথযাত্রার দল। একাধিকবার রথযাত্রায় আসীন হয়েছেন বিজেপির একের পর এক প্রথম সারির নেতা। মোদির আমলে এবার বিজেপি কলস যাত্রা করতে চলেছে প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে সেবা সংকল্প অভিযান। ৭ অক্টোবর শুরু হবে সেবা জ্যোতি কলস যাত্রা।
গুজরাতের ভাদনগর থেকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে কলস যাত্রা। এই গোটা যাত্রাপথে ভারতবাসীকে অবগত করানো হবে নরেন্দ্র মোদির সাফল্যের জয়রথ কীভাবে অগ্রসর হয়েছে। ভাদনগর মোদির জন্মস্থান এবং বাল্যজীবনের ভূমি। বারাণসীতে এসে সেই বালক হয়েছেন প্রধানমন্ত্রী। এই বার্তাই দিতে চলেছে বিজেপি। মঙ্গলবার বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, গত ১২ বছরে ভারতের শক্তি, সম্মান, সুখ, জীবনযাপন সবই এক অনন্য মাত্রায় পৌঁছেছে। এখন গোটা দেশে খুশি ও সমৃদ্ধির বাতাস বইছে। নবীনের দাবি, মোদিজির নেতৃত্বে নিছক ভারতের পরিকাঠামোগত উন্নতি হয়নি, সংস্কৃতি এবং ঐতিহ্যের আলো প্রজ্জ্বলিত হয়েছে। বিরোধীরা বারংবার সরকারকে আক্রমণ করছে যে, দেশে চাকরি নেই, শিল্প নেই, অর্থনীতির বিকাশ নেই। অর্থনৈতিক মহল বলছে, এফডিআই নেই, লগ্নি নেই। ছাত্র যুব সমাজ ক্ষোভে ফেটে পড়ে বলছে, শিক্ষা ও জীবিকার ধ্বংস হয়েছে ১২ বছরে। নবীন ঠিক বিপরীত অবস্থান নিয়ে বলেছেন, মোদিজি যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় ছিল নীতি পঙ্গুত্ব। অর্থাৎ পূর্বতন সরকার সিদ্ধান্ত নেওয়ারই ক্ষমতা হারিয়েছিল। কিন্তু মোদিজির আমলে বিশ্বের মধ্যে সবথেকে উন্নতশীল ও দ্রুতবেগে আর্থিক বৃদ্ধির অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। বিরোধীরা প্রশ্ন করেছে মোদিজি আমেরিকার কাছে এরকম বারংবার নতজানু হয়ে চলেছেন কেন? অভিযোগ উড়িয়ে নবীন বলেছেন, ভারতকে গোটা বিশ্ব আজ সম্মান করে। ভারত এখন চালকের আসনে। মঙ্গলবার কর্মসূচি ঘোষণার পর বিরোধীদের দাবি, বিজেপি এখন মোদির দল। দলের কোনও অস্তিত্ব নেই। তাই মোদির নামে যাত্রা শুরু হয়েছে। মোদির ব্যক্তিগত প্রচারে দলের এক মাসের কর্মসূচি নেওয়া হচ্ছে। কোনও গণতান্ত্রিক দলে এরকম হয় না। -ফাইল চিত্র