


সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করতে শুরু করেছে বিজেপি। এবার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বাণীবন গ্রাম পঞ্চায়েত দখল করল তারা। মঙ্গলবার বিজেপির খোকন রায় নতুন প্রধান নির্বাচিত হন। এদিন প্রধান নির্বাচনের ভোটাভুটিতে পঞ্চায়েতের ৩০ জন সদস্যদের মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন। ভোটগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরণ বেরা, বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত, সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা সহ অন্যান্যরা। এদিন দলীয় প্রার্থী প্রধান নির্বাচিত হওয়ার পর বিজেপি কর্মী-সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। গেরুয়া আবিরে পরস্পরকে রাঙিয়ে দেন তাঁরা। চলে মিষ্টি মুখের পালা। বিধায়ক চিরণ বেরা বলেন, বাণীবন অঞ্চল এই প্রথম নয়, এর আগেও বিজেপি দু’বার পঞ্চায়েত ভোটে জিতেছিল। ভোটের ফল প্রকাশের পর থেকে প্রধান ও উপপ্রধান সহ তৃণমূলের সদস্যরা পঞ্চায়েতে আসছিলেন না। ফলে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।