


সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে দীর্ঘ প্রায় ৬ বছর ধরে লোকাল ট্রেন পরিষেবা তলানিতে ঠেকেছে। উন্নয়নমূলক কাজের নামে সাপ্তাহিক ব্লকের জেরে দিনের পর দিন লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পরেও অবস্থার উন্নতি হয়নি। এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছেন। আগামী দিনে স্থানীয় মানুষ থেকে বিভিন্ন গণসংগঠন ও রাজনৈতিক দলগুলি আন্দোলনে নামবে বলে জানানো হয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, আদ্রা ডিভিশনে এ সপ্তাহেও ট্রাফিক কাম রোলিং ব্লক নেওয়া হয়েছে। সোমবার ৩ আগস্ট থেকে আগামী ৯ আগস্ট রবিবার পর্যন্ত কাজ হবে। আদ্রা ডিভিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ৬৮০৮৯/৬৮০৯০ (আদ্রা-মেদিনীপুর) মেমু প্যাসেঞ্জার ও ৬৮০৭৭/৬৮০৭৮ (আদ্রা-ভাগা) মেমু প্যাসেঞ্জারের ৭ ও ৯ আগস্ট পরিষেবা বাতিল হয়েছে। একেই ভাবে ৬৮০৪৬/৬৮০৪৫ (আসানসোল-আদ্রা) মেমু প্যাসেঞ্জার ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট বাতিল করা হয়েছে। অন্যদিকে ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল- পুরুলিয়া) প্যাসেঞ্জার সোমবার এবং ৬ আগস্ট বাতিল থাকবে। এবং ৬৮০৫৬ (টাটা-আসানসোল ) মেমু প্যাসেঞ্জার ৫ এবং ৭ থেকে ৯ আগস্ট বাতিল করা হয়েছে। এবং ৬৮০২৩/৬৮০২৪ (ঝাড়গ্রাম-পুরুলিয়া) মেমু ৪, ৬ ও ৭ আগস্ট বাতিল করা হয়েছে। বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, ৬৮০৫৬/৬৮০৬০ (টাটা-আসানসোল-বরাভূম) মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ৬ আগস্ট আদ্রা পর্যন্ত চলাচল করবে। ওইদিন আদ্রা-আসানসোল অংশে পরিষেবা বাতিল থাকবে। ৬৩৫৯৪/৬৩৫৯৩ (আসানসোল-পুরুলিয়া) মেমু প্যাসেঞ্জার ৫ এবং ৮ আগস্ট আদ্রা পর্যন্ত চলাচল করবে। ১৮১১৬/১৮১১৫ (চক্রধরপুর-গোমো) প্যাসেঞ্জার ৪, ৭ ও ৯ আগস্ট মহুদা স্টেশন পর্যন্ত চলবে। ট্রেনটির পরিষেবা তিনদিন মহুদা-গোমো অংশে বাতিল থাকবে। পাশাপাশি ৬৮০৫৫/৬৮০৫৬ (আসানসোল-টাটা) মেমু আজ আদ্রা পর্যন্ত চলাচল করবে। বাকি অংশে পরিষেবা বাতিল থাকবে। এছাড়া ৬৮০৬০ (আসানসোল-বরাভূম) মেমু এবং ৬৮০৫৫ (আসানসোল-টাটা) মেমু ২৮ ৫ এবং ৭ থেকে ৯ আগস্ট আদ্রা স্টেশন পর্যন্ত আংশিক ভাবে যাত্রা শুরু করবে। এছাড়া ১৮০৩৫/১৮০৩৬ (খড়গপুর-হাটিয়া) এক্সপ্রেস ৫ এবং ৮ আগস্ট আদ্রা পর্যন্ত চলাচল করবে। বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্তের পাশাপাশি ১৮০৩৫ (খড়গপুর-হাটিয়া) এক্সপ্রেস ৩, ৬ ও ৭ আগস্ট খড়গপুর থেকে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করবে। অন্যদিকে ১৮০৩৬ (হাটিয়া-খড়গপুর) এক্সপ্রেস আজ হাটিয়া থেকে এক ঘণ্টা বিলম্বে ছাড়বে। এবং ১৮৬০১ (টাটা-হাটিয়া) এক্সপ্রেস ৬, ৭ ও ৯ আগস্ট টাটা থেকে ৯০ মিনিট দেরিতে ছাড়বে। আদ্রা ডিভিশনের রেল যাত্রীদের নিয়ে আন্দোলনকারী একটি সংগঠনের তরফ থেকে বিনয় ভট্টাচার্য, স্বদেশপ্রিয় মাহাতো বলেন, রেলের খারাপ পরিষেবার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। আদ্রা ডিভিশনের রেল পরিষেবা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। কিন্তু সরকার এবং রেল প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে। বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা বলেন, শুধুমাত্র আদ্রা ডিভিশন নয়, প্রতিটি ডিভিশনে রেলের কাজ চলছে। আগামী দিন উন্নত পরিষেবা মিলবে।