


ঢাকা: ভোররাতে বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়। সোমবার পৌনে চারটে নাগাদ ঢাকার মিরপুরে অবস্থিত ব্যাংকের সামনে রাস্তায় বোমা ছোড়ে দুষ্কৃতীরা। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের হাতে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সদরদপ্তরের সামনে বিস্ফোরণ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। শুধু ব্যাংকের সামনে নয়, আরও দু’টি স্থানে বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা। পাশাপাশি দু’টি বাসও জ্বালিয়ে দিয়েছে তারা। যদিও রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দু’দিন পরেই শেখ হাসিনা সংক্রান্ত মামলার রায় দেবে আদালত। তার আগেই এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মিরপুর মডেল থানার ইনচার্জ সাজ্জাদ রোমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হেলমেট পরে বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এদিন সকালে ঢাকার মহম্মদপুর ও ধানমন্ডিতেও বোমা বিস্ফোরণ ঘটে। প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের খাদ্যপণ্যের বিপনির সামনে দু’টি বোমা বিস্ফোরণ ঘটে। অন্যদিকে, ধানমন্ডিতে একটি হাসপাতালে সামনের রাস্তায় বোমা ছোড়া হয়েছে। এক্ষেত্রেও হামলাকারীরা বাইকে করে এসেছিল বলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানিয়েছে পুলিশ। তবে কেউ হতাহত হননি। হামলার পিছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখা হচ্ছে। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করেন ইউনুস।