


সংবাদদাতা, চোপড়া: প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বটলিফ চা কারখানা। কিন্তু কারখানা খুললেও স্বস্তি নেই ক্ষুদ্র চা চাষিদের। উল্টে কাঁচা চা পাতার দাম আচমকা কেজি প্রতি প্রায় ১০ টাকা কমে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন চোপড়ার চা চাষিরা। তাঁদের অভিযোগ, পরিকল্পিত ভাবে কারখানা বন্ধ রেখে বাজারে কাঁচা পাতার দাম কমিয়ে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ একাংশ কারখানা মালিক। জানা গিয়েছে, চা পাতায় কীটনাশকের অবশিষ্টাংশের মাত্রা সংক্রান্ত কড়াকড়ির জেরে নর্থবেঙ্গল টি প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তে গত ২৭জুলাই থেকে অনুমোদিত পরীক্ষাগারের রিপোর্ট ছাড়া বটলিফ কারখানাগুলি কাঁচা চা পাতা কেনা সম্পূর্ণ বন্ধ করে দেয়। ফলে বিপাকে পড়েন হাজার হাজার ক্ষুদ্র চা চাষি। অবশেষে গত ৩ আগস্ট থেকে ফের কাঁচা চা পাতা কেনা শুরু হয়েছে। তবে কারখানা খুললেও দাম নিয়ে দেখা দিয়েছে নতুন সমস্যা। চাষিদের দাবি, ২৬ জুলাই পর্যন্ত কাঁচা চা পাতার দাম ছিল কেজিপ্রতি ২৪-২৫ টাকা। বর্তমানে সেই দাম নেমে এসেছে প্রায় ১৫ টাকায়। এর ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চোপড়া ব্লকের প্রায় ২০ হাজার ক্ষুদ্র চা চাষি।
ক্ষুদ্র চা চাষি আকিব রেজা বলেন, কারখানা খোলার পর দু’দিনে প্রায় চার টন চা পাতা দিয়েছি। এখনও পর্যন্ত কারখানা থেকে নির্দিষ্ট রেট জানানো হয়নি। দাম নিয়ে আমরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছি। চাষিদের অভিযোগ, কারখানা মালিকরা একযোগে কারখানা বন্ধ রেখে বাজারে কাঁচা পাতার জোগান বাড়িয়ে দাম কমিয়ে দিয়েছেন।
চোপড়া স্মল টি প্ল্যান্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ ভৌমিক বলেন, ফ্যাক্টরি মালিকদের উদ্দেশ্য সফল হয়েছে। আমাদের একটাই দাবি, সঠিক মানের পাতার সঠিক দাম দিতে হবে। না হলে হাজার হাজার ক্ষুদ্র চা চাষির জীবিকা গভীর সংকটে পড়বে।