


লন্ডন: ওয়ার্কলোড কমাতে ওভাল টেস্টে খেলেননি বুমরাহ। তাই দল থেকে রিলিজ করে দেওয়া হল তাঁকে। চলতি সিরিজে বুমবুম তিনটি টেস্ট খেলে ঝুলিতে ভরেছেন ১৪টি শিকার। ইনিংসে দু’বার পাঁচ উইকেটও পেয়েছেন। সফর শুরুর আগে ভারতের তারকা পেসার জানিয়েছিলেন, পাঁচ ম্যাচের সিরিজে তিনটিতে খেলবেন তিনি। তাঁর সিদ্ধান্তকে মান্যতা দেন কোচ গৌতম গম্ভীরও। তবে ওভালে মরণ-বাঁচন ম্যাচে দলের সেরা বোলারকে খেলাতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ফিটনেসর কারণে বুমরাহ খেলতে চাননি। আসলে ম্যাঞ্চেস্টারে শেষ দিনে রীতিমতো খোঁড়াচ্ছিলেন তিনি। তখনই সংশয় তৈরি হয়েছিল পঞ্চম টেস্টে তাঁর খেলা নিয়ে। শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি তিনি। তাই শুক্রবার ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল বুমবুমকে।
টানা ক্রিকেটের ধকল নেওয়ার মতো ফিটনেস আর নেই বুমরাহর। পিঠের পুরনো সমস্যাই তাঁর বড় শত্রু। ইতিমধ্যে অস্ত্রোপচারও হয়েছে। নিউজিল্যান্ডের এক চিকিৎসকের অধীনে রয়েছেন তিনি। তাঁর পরামর্শ অনুসারেই বুমরাহর বেছে বেছে ম্যাচ খেলার এই সিদ্ধান্ত। ইংল্যান্ড সফরে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে, আগামী দিনেও পাঁচ টেস্টের সিরিজে সব ম্যাচ খেলতে পারবেন না বিশ্বের সেরা পেসার। অবশ্য অদূর ভবিষ্যতে সেই চ্যালেঞ্জও নেই তাঁর সামনে। কারণ ভারত ফের পাঁচ টেস্টের সিরিজ খেলবে ২০২৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ততদিনে বুমরাহর কেরিয়ার কোন দিকে গড়ায়, সেটাই দেখার। টিম ইন্ডিয়ার পরের দু’টি টেস্ট সিরিজ রয়েছে ওয়স্টে ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেখানে দু’টি করে ম্যাচ হবে। তাছাড়া রয়েছে এশিয়া কাপ এবং পরের বছর টি-২০ বিশ্বকাপ। তাই বুমরাহ পর্যাপ্ত সময় পাবেন ফিট হয়ে ওঠার। তাঁর লক্ষ্য থাকবে ঘরের মাঠে বিশের বিশ্বকাপে সেরাটা মেলে ধরা। খুব সম্ভবত এশিয়া কাপে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর পেসার বুমরাহই। তবে তাঁর অনুপস্থিতিতে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান বি তৈরি রাখছেন কোচ গম্ভীর। সিরাজকে সামনে রেখে সাজানো হচ্ছে পেস আক্রমণ।