


নিজস্ব প্রতিনিধি, বারাসত: নাগরিকত্ব, থেকে পুরসভা, হাসপাতাল মতুয়াদের একাধিক দীর্ঘদিনের দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদনকারী আড়াই লক্ষ মতুয়াকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার ঘোষণা তাঁর। আগামী অর্থবর্ষে ঠাকুরনগরকে পুরসভা করার পাশাপাশি মতুয়া উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের আশ্বাসও দিয়েছেন তিনি। রবিবার ঠাকুরনগরে দ্বিতীয় আন্তর্জাতিক গোসাঁই সম্মেলনের মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে রবিবার প্রথম ঠাকুরবাড়িতে এলেন শুভেন্দু। হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে সম্মেলনে যোগ দেন তিনি। নাগরিকত্বের প্রসঙ্গে তাঁর ঘোষণা, আবেদনকারীদের নথি যাচাই করে ৩১ ডিসেম্বরের মধ্যে আড়াই লক্ষ মতুয়াকে সিএএ-র শংসাপত্র দেওয়া হবে। ২০২৭ সালের জানুয়ারিতে তাঁদের নাম ভোটার তালিকায় উঠবে। আগামী বছর থেকে ভোটও দিতে পারবেন তাঁরা। মতুয়াদের সমস্যা দেখার জন্য নবান্নে একজন আধিকারিককে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
ঠাকুরনগরের পরিকাঠামো উন্নয়নেও একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু। চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে। প্রয়াত বীণাপাণি ঠাকুরের নামে হবে হাসপাতালটি। বারুণী মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবেন বলেও আশ্বাস তাঁর। ঠাকুরবাড়ির মন্দির সম্প্রসারণে ট্রাস্টের জমিতে নতুন নির্মাণের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর কথাও বলেছেন তিনি।
বক্তব্যের শেষ পর্বে বনগাঁ, বারাসত ও বসিরহাটের জেলে বিনা বিচারে বন্দি মতুয়া ও সনাতনীদের মুক্তি এবং তাঁদের জমি-বাড়ি দেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।