


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘গদ্দার’এর পর এবার ‘নিখোঁজ’ পোষ্টার ফিরহাদ হাকিম ওরফে ববিকে নিয়ে। ফিরহাদের নির্বাচনি কেন্দ্র বন্দর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় এই নিখোঁজ পোস্টার পড়েছে। সেখানে ববি হাকিমের ছবি দিয়ে লেখা হয়েছে, মে মাসের ৪ তারিখের পর থেকে তাঁকে বিধানসভা এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, বন্দর বিধানসভা এলাকায় ববি হাকিম বিধানসভা নির্বাচনে জোড়াফুল চিহ্নে প্রার্থী হয়ে লড়ে বিধায়ক নির্বাচিত হয়েছেন। পরবর্তী সময়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী শিবিরের নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দোপাধ্যায়ের হাত ধরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে শামিল হন। ইদানিং সময় মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক বক্তব্য রেখেছেন ববি। যা রাজনৈতিক চর্চার শিরোনামে চলে এসেছে। এই প্রেক্ষাপটে ফিরহাদ হাকিমের বাড়ি সংলগ্ন চেতলা অঞ্চলে ‘গদ্দার’ লেখা পোস্টার পড়েছিল। ঠিক তার কয়েকদিনের মধ্যেই তাঁর বন্দর বিধানসভা এলাকাতে এবার ‘নিখোঁজ’ পোস্টার পড়ল। কলকাতা বন্দর এলাকায় বিধায়ক ফিরহাদ হাকিমের নামে নিখোঁজ পোস্টার। ফিরহাদের প্রতিক্রিয়া, পুরসভা নির্বাচন আসছে, তাই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। আমি ওই এলাকা থেকে সবিস্তারে খোঁজ নিচ্ছি। প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে, এই কাজটা সিপিএম আর কংগ্রেস মিলে করেছে।