


নয়াদিল্লি: আর একদিন বা দু’দিনের অপেক্ষা নয়। এবার কয়েকঘণ্টার মধ্যেই চেক ভাঙানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ, সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। আর সেই প্রক্রিয়া কার্যকর হচ্ছে আজ থেকেই। আরও দ্রুত ও সুরক্ষিত চেক ক্লিয়ারেন্সে জোর দিয়ে নতুন যে নিয়ম রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এনেছে, তারই প্রথম ধাপ হিসেবে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকে চালু হচ্ছে এই সুবিধা।
নতুন নিয়মে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কোনও চেক জমা পড়ার সঙ্গে সঙ্গেই তার স্ক্যানড ছবি বা এমআইসিআর তথ্য পাঠিয়ে দেওয়া হবে ক্লিয়ারেন্সের জন্য। সন্ধে ৭টার মধ্যে যাবতীয় চেকে ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া দিতে হবে পেয়িং ব্যাংককে। না হলে স্বয়ংক্রিয়ভাবে চেকগুলি অ্যাপ্রুভ করে দেবে সিস্টেম। নয়া এই নিয়মে সিটিএস-এর (চেক ট্রানকাশন সিস্টেম) ক্ষেত্রে গতি বাড়বে কয়েকগুণ।
সুরক্ষার কথা মাথায় রেখে ৫০ হাজার টাকার উপরের চেকের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ৫ লক্ষের উপরে চেকের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলকই থাকছে। এই পজিটিভ পে সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে অন্তত ২৪ ঘণ্টা আগে অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর, তারিখ, টাকার অঙ্ক ও বেনিফিশিয়ারির নাম নির্দিষ্ট ই-মেলে বা অ্যাপের মাধ্যমে ব্যাংককে জানানোর কথা বলা হয়েছে। তথ্যগুলি পেলে পাল্টা ই-মেলে অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠাবে ব্যাংক। তারপর চেকের তথ্য মিলিয়ে দেখার পর চেক ক্লিয়ার হবে। এখানেই শেষ নয়, আগামী ৩ জানুয়ারি থেকে আরও দ্রুত চেক ক্লিয়ারেন্সের জন্য চালু হবে দ্বিতীয় ধাপ। যেখানে ‘টি প্লাস থ্রি’ ক্লিয়ারেন্স সিস্টেমে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে চেক জমা পড়লে তা দুপুর ২টোর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে।