


কলকাতা, ১৭ সেপ্টেম্বর: ৭৬ বছরে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে তিনি লেখেন,‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা নরেন্দ্র মোদীজিকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।’ এ ছাড়াও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন,‘আপনার সুস্বাস্থ্য এবং দেশসেবায় নিরন্তর সাফল্য প্রার্থনা করি। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাক।’
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে নানান কর্মসূচি রয়েছে দেশজুড়েই। গতকাল অর্থাৎ ১৬ সেপ্টেম্বর, বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গঙ্গার পাড়ে ১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচির কথাও। এবং তিনি জানান এই ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি।
আগামী ৭ অক্টোবর নিজের কর্ম জীবনের ২৫ বছরের যাত্রা সম্পূর্ণ করবেন নরেন্দ্র মোদী। দেশসেবায় তাঁর অবদানকে এবং বিশেষ করে এ দিন তাঁকে সম্মান জানাতেই দেশব্যপী এই কর্মসূচি পালন করা হবে। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে লেখেন,‘ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ ২৫ বছরের সময়কালের জনসেবা ও দেশসেবার গৌরবময় যাত্রা, আগামী ৭ই অক্টোবর পূর্ণ হতে চলেছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শুরু হতে চলেছে সেবা সংকল্প অভিযান।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দিনে যাতে দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন সেই প্রার্থনাও করেন মুখ্যমন্ত্রী।