


নয়াদিল্লি: গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে চীনা সেনাবাহিনীর সংঘর্ষের এক সপ্তাহ পরেই লুকিয়ে পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল বেজিং। এমনই অভিযোগ তুলল আমেরিকা। মার্কিন বিদেশ দপ্তরের আন্ডার সেক্রেটারি টমাস জি ডিনানোর দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানোর সময় চীন নানরকম পন্থা ব্যবহার করেছিল।
এক্স হ্যান্ডলে টমাস লিখেছেন, ‘চীন পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ করেছিল। কয়েকশো টন ওজনের বোমা পরীক্ষার প্রস্তুতিও এর অন্তর্ভূক্ত ছিল। বিশ্বের কাছে এই পরীক্ষা গোপন রাখার জন্য চীন ডিকাপলিং পদ্ধতি ব্যবহার করে। এর ফলে ভূকম্পন কম অনুভূত হয়। ২০২০ সালের ২২ জুন চীন ওই পরমাণু বোমা পরীক্ষা করে।’
ওই বছরেই ১৫ জুন পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চীনের সেনা। সেই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার। চীনেরও ৩০ জনের বেশি সেনা প্রাণ হারায়।