


নয়াদিল্লি: দু’দিনের জন্য ভারত সফরে আসছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। শনিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামী সোমবার ওয়াংয়ের সফর শুরু হচ্ছে। তাঁর সঙ্গে বৈঠক করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকে দুই দেশের সীমান্ত নিয়ে কথা হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক । দোভাল ছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন ওয়াং। চলতি মাসের শেষেই সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে যোগ দিতে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’-র আবহে মোদির সফরকে দুই দেশের কাছাকাছি আসার পদক্ষেপ বলেই মনে করছিল ওয়াকিবহাল মহল। সেই পরিস্থিতিতে চীনা বিদেশমন্ত্রীর ভারত সফর বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও চীনের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য বিশেষ দূতের দায়িত্বে রয়েছেন দোভাল ও ওয়াং। দোভালের আমন্ত্রণেই ১৮ থেকে ১৯ আগস্ট ভারত সফর করবেন চীনের বিদেশমন্ত্রী। সফর চলাকালীন ২৪তম ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভস’ (এসআর) বৈঠকে অংশ নেবেন তাঁরা।