


নিজস্ব প্রতিনিধি, বরানগর: সিপিএমের কার্যালয়ের দখলকে ঘিরে বুধবার রাতে দুর্গানগরে উত্তেজনা দেখা দেয়। পুলিশের উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গানগরের একটি জমিতে দীর্ঘদিন ধরে সিপিএমের কার্যালয় রয়েছে। বুধবার রাতে ওই জমির বর্তমান মালিক ও তাঁরা সঙ্গে একাধিক লোক সেখানে জড়ো হন। তাঁরা পুলিশের উপস্থিতিতে সিপিএম কার্যালয়ের তালা ভেঙে অন্য একটি তালা ঝুলিয়ে দেন। কার্যালয়ের উপর নানান লেখাও মুছে দেওয়া হয়। ওই সময় সিপিএমের কর্মীরা সেখানে এসে প্রতিবাদ জানাতে শুরু করেন। সিপিএম কর্মীদের সঙ্গে জমির মালিকপক্ষের বচসা, পরে হাতাহাতি শুরু হয়ে যায়। যদিও পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
জমির মালিকের দাবি, ওই জমিতে দলীয় কার্যালয়ের ক্ষেত্রে চুক্তি বা কোনও নথি নেই। গায়ের জোরে ওই অফিস করা হয়েছিল। বারবার ওই জায়গা থেকে অফিস সরানোর কথা বলেও লাভ হয়নি। পাল্টা বামেদের একাংশের দাবি, এটা দীর্ঘদিনের পার্টি অফিস। জমির আগের মালিকের সম্মতিতেই অফিস করা হয়েছিল। জমি হাতবদলের পরে বর্তমান মালিক কার্যালয় নিয়ে কোনও কিছু বলেননি। আচমকা গত কাল রাতে এই ঘটনা। তালা ভেঙে নতুন তালা লাগানো হয়েছে। কার্যালয়ের ভিতরে আলমারিতে থাকা টাকাও উধাও। জমির মালিককে সামনে রেখে বড় চক্রান্ত করা হয়েছে।