


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারকাসমৃদ্ধ মোহন বাগান। স্কোয়াডে জাতীয় দলের একঝাঁক ফুটবলার। রয়েছেন জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনহোরা। রিং মাস্টার ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ সের্গিও লোবেরা। তা সত্ত্বেও লিগের শেষ দু’টি ম্যাচে ড্র করে খেতাব জয়ের পথ কঠিন করেছে সবুজ-মেরুন ব্রিগেড। তার থেকেও উদ্বেগের বিষয়, শেষ দু’টি ম্যাচে মাত্র একবার বিপক্ষের জাল কাঁপাতে সফল বাগান অ্যাটাকাররা। রবিবারের ডার্বির আগে তাই প্রবল চাপে পালতোলা নৌকা বাহিনী। এই মুহূর্তে ১১ ম্যাচে দু’দলের পয়েন্টই ২২। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে শীর্ষস্থান ধরে রেখেছে ইস্ট বেঙ্গল। তাই রবিবার বড় ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে চ্যাম্পিয়নশিপের ভাগ্য। যেখানে ড্র করলেই অ্যাডভান্টেজে থাকবে ইস্ট বেঙ্গল। তবে আইএসএল জয়ের হ্যাটট্রিক করতে হলে এই ম্যাচে জিততেই হবে লোবেরা ব্রিগেডকে। কিন্তু প্রশ্ন, গোল করবে কে?
চলতি মরশুমে কার্যত একার কাঁধেই দলকে টানছেন ম্যাকলারেন। একক দক্ষতায় মোহন বাগানকে একাধিক পয়েন্ট এনে দিয়েছেন তিনি। কিন্তু প্রতিপক্ষ অজি তারকাকে আটকে দিলেই থমকে গিয়েছে পালতোলা নৌকা। এমন পরিস্থিতিতে বিকল্প ভাবনা তৈরি রাখতে হবে কোচ লোবেরাকে। তবে তাঁর হাতে প্লে-মেকারের অভাব। গ্রেগ স্টুয়ার্ট দল ছাড়তেই মাঝমাঠ থেকে বল বাড়ানোর লোকের অভাব স্পষ্ট। একইসঙ্গে গতবার সেটপিস থেকে গোল করে একাধিক ম্যাচে পয়েন্ট কেড়েছিল সবুজ-মেরুন। এবার সেই কারিকুরিও ডাহা ফেল। এমন পরিস্থিতিতে বাঙালির আবেগের ডার্বি জিততে অন্য পরিকল্পনা বের করতে হবে কোচ লোবেরাকে।