


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বি দিয়ে ডুরান্ড কাপের উদ্বোধন। টুর্নামেন্টের হাইপ তুলতে মহারণই আয়োজকদের ভরসা। অথচ যুবভারতীতে দুই প্রধানের শীর্ষ কর্তারাই অনুপস্থিত। বরং ক্লাব তাঁবুতে ম্যাচ দেখলেন তাঁরা। এমনটা তো হওয়ার কথা নয়। এর কারণ ঠিক কী? উত্তর খুঁজতেই তাজ্জব হতে হয়। আর্মির তরফে সামান্য টিকিট দেওয়া হয় মোহন বাগান ও ইস্ট বেঙ্গলকে। চাহিদার তুলনায় তা নগণ্য। কার পার্কও কার্যত ভ্যানিশ। শোনা গেল, মাত্র চারটি করে ভিআইপি কার পার্ক বরাদ্দ ছিল দুই প্রধানের জন্য। এরপরেই মাঠে না আসার সিদ্ধান্ত নেন কর্তারা। এপ্রসঙ্গে ইস্ট বেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘সবাই একসঙ্গে মাঠে যাওয়ার উপায় নেই। তাই সিনিয়র হিসাবে আত্মত্যাগ করতেই হয়। তবে এবার ডুরান্ডের কমিটি নতুন। পরবর্তী ম্যাচ থেকে নিশ্চয়ই সমস্যা মিটবে।’ মোহন বাগান সভাপতির গলাতেও একই সুর। দেবাশিস দত্ত বললেন, ‘ডুরান্ড কাপ ঐতিহ্যশালী টুর্নামেন্ট। তার উপর চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচ। তবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকলে আমরা নিরুপায়।’
ডার্বিই ভারতীয় ফুটবলের সেরা বিজ্ঞাপন। তাই অভিজ্ঞ মহলের ধারণা, আয়োজনের ক্ষেত্রে আরো যত্নবান হওয়া উচিত। টুর্নামেন্টের উদ্বোধনে সেনাবাহিনীর বড়ো, মেজো, সেজো কর্তারাও উপস্থিত। কিন্তু এক বালতি দুধে চোনা রয়েই গেল।