


ফ্লোরিডা: ক্লাব ফুটবলে এক মরশুমে খেলেছেন ৫০টির বেশি ম্যাচ। অধিকাংশ ক্ষেত্রে পুরো সময় মাঠে থেকেছেন হ্যারি কেন। তাই আসন্ন বিশ্বকাপের আগে ক্লান্তিই বড় কাঁটা ইংল্যান্ড অধিনায়কের। বায়ার্ন মিউনিখের হয়ে এক সফল মরশুম শেষ করে ইতিমধ্যেই জাতীয় শিবিরে যোগ দিয়েছেন তিনি। তবে আপফ্রন্টের সেরা অস্ত্রকে নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন ইংল্যান্ড কোচ টমাস টুচেল। বরং কাপযুদ্ধের লড়াইয়ে নামার আগে হ্যারি কেনকে যতটা সম্ভব আগলে রাখাই লক্ষ্য তাঁর। বললেন, ‘হ্যারি আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। তাই ওকে আগলে রাখাই আমার কর্তব্য। একইসঙ্গে মাঠে ওর উপস্থিতি ততটাই গুরুত্ব রাখে।’
উল্লেখ্য, গত দু’টি বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা ৮। এর মধ্যে রাশিয়াতে ৬টি লক্ষ্যভেদে জিতেছিলেন সোনার বুট। তবে অধিকাংশ গোলই এসেছিল স্পটকিক থেকে। এবার অবশ্য দেশের জার্সিতে ট্রফির খরা কাটাতে মরিয়া অভিজ্ঞ এই স্ট্রাইকার।