


লখনউ: উদ্বোধনের মাত্র ১২ দিনের মাথায় ধসে গেল গ্রিনফিল্ড ন্যাশনাল এক্সপ্রেসওয়ের একাংশ। উত্তরপ্রদেশের উন্নাওয়ের এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে। কাজের মান নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির। গত ১৩ জুলাই লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সংশ্লিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণে খরচ হয়েছিল ৪ হাজার ৭০০ কোটি টাকা। কিন্তু ১২ দিন যেতে না যেতেই উন্নাওয়ের কোরারির কাছে কানপুর থেকে লখনউগামী রাস্তা একাংশ ধসে যায়। ক্ষতিগ্রস্ত রাস্তার ভিডিয়ো পোস্ট করেছেন সমাজবাদী পার্টির নেতা মধুসূদন যাদব। বিষয়টি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। মধুসূদনের দাবি, এক্সপ্রেসএয়ের মান নিয়ে বড়ো বড়ো কথা বলেছিল বিজেপি সরকার। তা সত্ত্বেও উদ্বোধনের কয়েকদিন পরেই তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিয়ো ঘিরে বিতর্ক শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই)। তাদের দাবি, শুধু রাস্তার উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তা মেরামত করা হয়। এনএইচএআই’এর প্রোজেক্ট ডিরেক্টর নকুল প্রকাশ বর্মা বলেন, ‘এটাকে ধস বলা চলে না। প্রায় ৪০ মিটার অংশে রাস্তার উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার বিকেল ৫ টার মধ্যে মেরমতির কাজ শেষ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ এখানেই না থেমে তাঁর সাফাই, ‘এতো লম্বা এক্সপ্রেসওয়েতে কিছু জায়গায় এমন সমস্যা দেখা দিতে পারে। বিটুমিন দিয়ে নির্মিত রাস্তায় অনেক সময় এই দৃশ্য দেখা যায়। তবে কংক্রিটের রাস্তার ক্ষেত্রে সাধারণত এমন সমস্যা হয় না।’ উত্তরপ্রদেশের উন্নাওয়ে গ্রিনফিল্ড ন্যাশনাল এক্সপ্রেসওয়ের একাংশে ফাটল। ছবি: সমাজমাধ্যম