


গ্লাসগো: উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাটন হাতে প্রবেশের আগেই কমনওয়েলথ গেমসে পদক নিশ্চিত করে ফেললেন বক্সার লাভলিনা বড়গোঁহাই। মহিলাদের ৭৫ কেজি ইভেন্টে সেমি-ফাইনালে ওঠার সুবাদে পদক জয় নিশ্চিত অসমের বক্সারের। টোকিও ওলিম্পিকসে ব্রোঞ্জ পদকজয়ী লাভলিনা প্রথম রাউন্ডে বাই পেয়ে পৌঁছেছেন শেষ চারে। তিনজন বক্সার নাম তুলে নেওয়ায় এই ইভেন্টে প্রতিযোগীর সংখ্যা কমে দাঁড়ায় ৫। ফাইনালে ওঠার লড়াইয়ে লভলিনার প্রতিদ্বন্দ্বী তুভালু দেশের তারোমা খানুম। ৩১ জুলাই সেই লড়াইয়ে ২৮ বছর বয়সি লাভলিনা যদি হেরে যান তাহলে ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে হবে তাঁকে। আর জিতলে পৌঁছাবেন ফাইনালে। উল্লেখ্য, কমনওয়েলথ গেমসে এটাই লাভলিনার প্রথম পদক হতে চলেছে। ইতিমধ্যে ওলিম্পিক গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন তিনি।
এদিকে, ডোপ টেস্টে ধরা পড়ায় কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়লেন ভারতীয় জুডোকা অরুণ কুমার। গত মাসে কিংঙ্গদাও গ্রাঁ প্রি’তে ৭৩ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন তিনি। সেই সময় ডোপ পরীক্ষার ফল তাঁর বিপক্ষে গিয়েছে। ফলে অরুণকে বাদ দিয়েই ২৭ জুলাই গ্লাসগোর উদ্দেশে রওনা হবে ভারতীয় জুডো দল।
এদিকে, লন বোলসে পুরুষদের সিঙ্গলসে ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়ন কানাডার রায়ান বিস্টারকে টাই-ব্রেকারে হারিয়ে অভিযান শুরু করলেন ভারতের পুতুল সোনোওয়াল। মহিলাদের পেয়ার্সে টাই-ব্রেকারে জিতেছেন রুপা রানী তিলকে ও পিঙ্কি সিং। তাঁরা হারিয়েছেন মাল্টাকে। উল্লেখ্য, বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহকের মর্যাদা পাচ্ছেন মীরাবাই চানু। আর লাভলিনা নির্বাচিত হয়েছেন ব্যাটন বাহক।