


নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ২০২৪ সালে বীরভূম জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অডিটোরিয়াম তৈরির আশ্বাস দিয়েছিলেন। সেইমতো অডিটোরিয়াম তৈরির ব্যাপারে জেলার প্রশাসনিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে জমি চিহ্নিতকরণ শেষে পরিমাপ চূড়ান্ত করার কাজ চলছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, আনুমানিক দেড় একর জমির উপর অত্যাধুনিক অডিটোরিয়াম গড়ে উঠবে। সেক্ষেত্রে শহরের ইরিগেশন কলোনি মাঠ সংলগ্ন এলাকায় জমি চিহ্নিতকরণ করা হয়েছে। এবিষয়ে উপযুক্ত নথি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সবুজ সংকেত মিললেই ডিপিআর(ডিটেইল প্রজেক্ট রিপোর্ট) তৈরি করে তথ্য ও সংস্কৃতি দপ্তরে পাঠানো হবে। পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়া শেষে অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু করা হবে।এবিষয়ে জেলাশাসক বিধান রায় বলেন, প্রায় দেড় একর জমিতে অডিটোরিয়াম তৈরি করা হবে। অডিটোরিয়ামের নীচতলায় আর্ট গ্যালারি তৈরির ভাবনা রয়েছে। সিউড়ি শহরে সংস্কৃতি চর্চার জন্য বর্তমান সময়ে রবীন্দ্র সদন একমাত্র ভরসা। এছাড়া মুক্তমঞ্চ হিসেবে সিধু-কানু মঞ্চ রয়েছে। তবে, এই দু’টি জায়গা সংস্কৃতি চর্চার জন্য যথেষ্ট নয়। সেক্ষেত্র শহরের সংস্কৃতিপ্রেমীরা একাধিক সময় জেলা প্রশাসনের কাছে উন্নতমানের অডিটোরিয়াম গড়ে তোলার দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা সফরে সিউড়ি শহরে অডিটোরিয়াম গড়ে তোলার বার্তা দিয়েছিলেন। বলাবাহুল্য, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার শহরের সংস্কৃতিপ্রেমী মানুষের দাবি পূরণ হতে চলেছে। স্বাভাবিকভাবেই নতুন মঞ্চ পেতে চলেছেন সিউড়ির সংস্কৃতিপ্রেমী মানুষেরা। এই খবরে শহরবাসী যথেষ্ট উচ্ছ্বসিত। তাঁরা রাজ্য ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
বোলপুরের গীতাঞ্জলির ধাঁচে এবার সিউড়ি শহরের ইরিগেশন কলোনিতে গড়ে উঠবে অত্যাধুনিক অডিটোরিয়াম। সম্প্রতি জেলার প্রশাসনিক মহলের কর্তারা সেই জমি পরিদর্শনেও গিয়েছিলেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭৫০ আসন বিশিষ্ট অত্যাধুনিক অডিটোরিয়াম শীততাপ নিয়ন্ত্রিত হবে। এছাড়াও ডলবি সাউন্ড সিস্টেম সহযোগে অডিটোরিয়ামটি গড়ে উঠবে। সুবিশাল মঞ্চ বিশিষ্ট অডিটোরিয়ামের নীচের তলায় আর্ট গ্যালারি গড়ে তোলার চিন্তাভাবনা রয়েছে। সঙ্গীত শিল্পী শান্তব্রত নন্দন বলেন, বর্তমানে রবীন্দ্র সদন যথেষ্ট উন্নতমানের। কিন্তু আসন সংখ্যা খুবই কম। অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যা সমাধানে অনেক সময় ইন্ডোর স্টেডিয়ামের উপর ভরসা রাখতে হয়। বিভিন্ন সময় উন্নতমানের অডিটোরিয়ামের দাবি জানানো হয়েছিল। শুনছি, সিউড়িতে অডিটোরিয়াম গড়ে উঠবে। আমরা উচ্ছ্বসিত। নতুন অডিটোরিয়াম গড়ে উঠলে অনেকটাই সুবিধা হবে। নৃত্য শিল্পী চন্দ্রাবলী ঘোষাল বলেন, বর্তমানে রবীন্দ্র সদন ও মুক্তমঞ্চের উপর আমাদের ভরসা। তবে, আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বড় মঞ্চ ও অত্যাধুনিক অডিটোরিয়াম পেলে আমরা খুবই উপকৃত হব।