


নয়াদিল্লি: ‘স্বাধীনতার পর এই প্রথমবার দেশের এত যোগ্য ভোটার তাদের ভোটাধিকার হারিয়েছেন। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ এসআইআর নিয়ে বিতর্কের আবহে সম্প্রতি এমনই জানালেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত। দুই কমিশনারের মতামতকে গুরুত্ব না দিয়ে ইচ্ছেমতো সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমনই দাবিতে তোলপাড় গোটা দেশ। তাঁর ইস্তফা ও গ্রেপ্তারি চেয়ে দেশের নানা প্রান্তে জোরালো হচ্ছে আন্দোলন। পুরো এসআইআর প্রক্রিয়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এরইমাঝে ওমপ্রকাশ রাওয়াতের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি।
আগেই এসআইআরকে ভোটারদের মনে ভীতি সঞ্চারকারী এক ‘ফ্রাঙ্কেনস্টাইন’ হিসাবে আখ্যা দিয়েছিলেন প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার। তিনি জানান, ভোটার রেজিস্ট্রেশনের ফর্ম ৬- এ আনা পরিবর্তনগুলিও সম্পূর্ণ ভুল এবং বেআইনি। এবার আরও এক ধাপ এগিয়ে তাঁর বক্তব্য— শুধুমাত্র ভিন্নমত পোষণ করে সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশির থেমে যাওয়া উচিত হয়নি। কমিশনে তাঁরা সংখ্যাগরিষ্ঠ। যখন তাদের আপত্তি শোনা হল না, ঠিক তখনই পদক্ষেপ করা উচিত ছিল। পরের বৈঠকে তাঁদের মতামতের বিরুদ্ধে নেওয়া সমস্ত সিদ্ধান্ত বাতিল করে দিতে হত। কিন্তু সেই পথে তাঁরা এগতে পারেননি।