


গিরিডি, ৯ সেপ্টেম্বর: মাত্র দিন ১৫ আগে ঝাড়খণ্ডের একটি বেসরকারি নির্মাণ সংস্থায় চাকরি শুরু করে মঞ্জেশ সিং। বিহার লক্ষীসরাই জেলার মঞ্জেশ ওই সংস্থায় কেরানি পদে যোগ দেন। কিন্তু এই চাকরিই কাল হলো তার। সহকর্মীদের দুর্নীতিতে সঙ্গ না দেওয়ায় নৃশংস ভাবে খুন হতে হলো তাঁকে। তিনি সংস্থায় যোগ দেওয়ার আগে থেকেই দেদার কারচুপি চালাচ্ছিল সংস্থার প্রজেক্ট ম্যানেজার এবং আরো বেশ কয়েকজন কর্মী।
রবিবারের পর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তদন্তে নামে পুলিশ। এরপরই সামনে আসে সংস্থায় চলতে থাকা দুর্নীতির কথা। পুলিশের জেরায় সংস্থার ট্রাক্টর চালক পিন্টু যাদব স্বীকার করেন, সে এবং তার সঙ্গীরা মিলে মঞ্জেশকে তুলে নিয়ে গিয়ে খুন করে। রবিবার খটপঙ্ক এলাকা দিয়ে মোটরবাইক নিয়ে যাওয়ার সময় মঞ্জেশকে প্রথমে অপহরণ করে তারা। এরপর গিরিডি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে বিহারের জামুই জেলার একটি জঙ্গলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে। মৃতদেহ শনাক্ত যাতে না করা যায় তার জন্য পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় মুখ। জেরায় অন্যতম মূল অভিযুক্ত পিন্টু জানায় সে এবং সংস্থার প্রজেক্ট ম্যানেজার দীর্ঘদিন ধরে গাড়ির তেলের টাকা চুরি করত। কিন্তু এবার সেই কাজে বাধা হয়ে দাঁড়ায় মঞ্জেশ। আর তাই তাকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই পুলিশ পিন্টু সহ চারজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।