


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি প্রকাশ্য সভায় বক্তব্য রাখার সময় কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ উঠল সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে মীনাক্ষীর ওই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। সেখানে মীনাক্ষীকে বলতে শোনা গিয়েছে, ‘সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটি রাজনৈতিক দল মুখপাত্র করে ওই ...বাচ্চাকে বসিয়ে রেখেছে।’
তৃণমূল নেতা কুণাল ঘোষের উদ্দেশে মীনাক্ষী ওই বক্তব্য রেখেছেন বলে অভিযোগ উঠেছে। পাল্টা বক্তব্যে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘আমার বাবা কল্যাণ ঘোষ চিকিৎসক ছিলেন। মানুষ হিসেবে আমার বাবা কেমন ছিলেন তা সিপিএমের বর্ষীয়ান নেতারা ভালোভাবেই জানেন। আর সাংবাদিকতার সূত্রে সিপিএমের যে নেতাদের দেখেছি, সেখানে মীনাক্ষী ধারেকাছেই আসবে না।’