


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমালিয়ায় জলদস্যুদের হাতে নিহত একবালপুরের বাসিন্দা মহম্মদ তানভির উদ জামানের দেহ অবশেষে কলকাতায় নিয়ে আসা হল। কলকাতা পুলিশ অনেক কাঠখড় পুড়িয়ে ইথিওপিয়া থেকে তাঁর দেহ বিমানে করে দিল্লি এবং তারপর কলকাতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তানভির একটি বেসরকারি তেলবাহী ট্যাঙ্কারের পাচক ছিলেন। ময়নাতদন্তের পর আজ, বুধবার পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হবে।
চলতি বছরের এপ্রিল মাসে সোমালিয়ার উপকূলে একটি তেলবাহী জাহাজ ছিনতাই করে জলদস্যুরা। নাবিক সহ জাহাজে থাকা সব পণবন্দিকেই নির্বিচারে গুলি করে তারা। তাতেই মৃত্যু হয় তানভিরের। ৩০ সেপ্টেম্বর তাঁর মৃত্যু খবর একবালপুরের বাড়িতে পৌঁছায়। এরপর তাঁর দেহ কলকাতায় আনার জন্য তোড়জোড় শুরু করেন পরিবারের সদস্যরা। একবালপুর থানাও এব্যাপারে তৎপরতা শুরু করে। বিষয়টি জানানো হয় লালবাজারকে।