


নয়াদিল্লি: ব্যক্তিগত জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। কিন্তু গ্রাহকরা এর পুরো সুবিধা পাবে কি না, সেই প্রশ্ন থেকেই গিয়েছে। এই পরিস্থিতিতে বিমা কোম্পানিগুলিকে উদ্যোগী হওয়ার নির্দেশ দিল কেন্দ্র। সরকার সাফ জানিয়েছে, জিএসটি হ্রাসের সুবিধা যাতে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে হবে বিমা কোম্পানিগুলিকেই।
সম্প্রতি জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে করকাঠামোয় সংস্কারের প্রস্তাব অনুমোদিত হয়। দীর্ঘদিনের দাবি মেনে জিএসটি মকুবের ঘোষণা করা হয় ব্যক্তিগত জীবনবিমা ও স্বাস্থ্যবিমায়। এরই পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি বিমা সংস্থাগুলির কর্মকর্তাদের বৈঠকে ডেকেছিল অর্থমন্ত্রক। আর্থিক পরিষেবা বিভাগের (ডিএফএস) সচিব এম নাগারাজুর সভাপতিত্বে ওই বৈঠক হয়। সেখানে জিএসটি হ্রাসের সুবিধা প্রদান নিশ্চিত করতে বিমা সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে এই করকাঠামো সংস্কার নিয়ে সক্রিয়ভাবে প্রচার চালানোর কথাও বলা হয়েছে।
সাধারণ মানুষের কাছে জিএসটি সংস্কারের ইতিবাচক প্রভাব হিসেবে বিমা আরও সহজলভ্য হয়ে ওঠার বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে। অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এই সংস্কারের ফলে বিমা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হয়ে উঠবে বলে সরকার আশাবাদী। ফলে আর্থিক নিরাপত্তার দিকটি যেমন জোরালো হবে, তেমনই দেশে বিমার পরিধি প্রসারের সুযোগও বাড়বে। এই প্রসঙ্গ তুলে ধরে বিমায় জিএসটি হ্রাসের সুবিধা বর্তমান ও ভবিষ্যতের পলিসি হোল্ডারদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন নাগারাজু।