


ভোপাল, ১৩ এপ্রিল: হাড়হিম করা ঘটনা মধ্যপ্রদেশে। বাড়ির বিছানার বাক্সের ভিতর থেকে উদ্ধার হল ৪৫ বছর বয়সি এক মহিলার অর্ধ-পচাগলা দেহ। এই ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতার নাম মমতা আহিরওয়ার। যিনি পেশায় একজন নৃত্যশিল্পী ছিলেন। বিবাহ ও মেলায় নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগরের সাহোদরা রাই ওয়ার্ডে অবস্থিত নিজের বাড়ি থেকেই রবিবার তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে এটি একটি খুনের ঘটনা বলেই অনুমান করছে পুলিশ।
মমতার ছেলে দেব ও মেয়ে মুসকান গত প্রায় দশ দিন ধরে বিদিশায় তাঁদের বড় বোনের কাছে ছিলেন। তাঁরা জানিয়েছেন, গত ৫ এপ্রিলের পর থেকে মায়ের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ হয়নি এবং তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল। রবিবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন দরজাটি বাইরে থেকে তালাবন্ধ। প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ভিতরে ঢোকার পরই চক্ষু চড়ক গাছ। তাঁরা তীব্র দুর্গন্ধ পান সেই ঘর থেকে। এরপর বাড়ির ভিতরে খোঁজাখুঁজি করতে গিয়ে বিছানার বাক্স খুলে তাঁরা মায়ের অর্ধ-পচাগলা দেহ দেখতে পান।
জানা গিয়েছে, মমতা আহিরওয়ার প্রায় ১৫ বছর আগে স্বামীকে হারিয়েছিলেন এবং একাই সংসার সামলাতেন। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় এসডিওপি অস্থানার মতে, 'প্রাথমিক প্রমাণের ভিত্তিতে এটিকে খুনের মামলা হিসেবে ধরা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং সোমবার সন্ধ্যার মধ্যে প্রাথমিক রিপোর্ট পাওয়া যেতে পারে, যা মৃত্যুর সঠিক কারণ ও সময় সম্পর্কে আরও তথ্য দিতে পারে'। পুলিশ বাড়ির বাইরে থেকে তালাবদ্ধ থাকার বিষয়টি এবং মৃতার শেষ ফোনালাপসহ বিভিন্ন দিক খতিয়ে দেখে ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনের চেষ্টা করছে।