


ছেলে বরুণ ধাওয়ানের সঙ্গে চতুর্থবার জুটি বেঁধেছেন। মুক্তির অপেক্ষায় বর্ষীয়ান পরিচালক ডেভিড ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। আগামী ২২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। শোনা যাচ্ছে, এটিই ডেভিড পরিচালিত শেষ ছবি। এরপর অবসর নিচ্ছেন তিনি। আচমকা এমন জল্পনা কেন? আসলে গুঞ্জনের সূত্রপাত ডেভিডের এক মন্তব্য থেকেই। সাম্প্রতিক সাক্ষাৎকারে ডেভিড নিজেই বলেছেন, ‘এটিই হয়তো আমার শেষ ছবি।’ দীর্ঘ কেরিয়ারে বহু বক্স অফিস সফল ছবি পরিচালনা করেছেন ডেভিড। তাঁর কথায়, ‘আমার মনে হয় না, এর থেকে বেশি করা উচিত। এই ছবির মুক্তির পর আমার একটাই পরিচয় থাকবে, বরুণের বাবা।’ অর্থাৎ তিনি যে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎকে বিদায় নিতে প্রস্তুত, তা স্পষ্ট করেছেন পরিচালক। পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘এই ছবির শ্যুটিং চলাকালীন আমার শরীর ভালো ছিল না। বরুণই আমার খেয়াল রেখেছে।’