


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: যক্ষ্মায় আক্রান্ত হয়ে জলপাইগুড়ি শহরে এক নববধূর মৃত্যুর ঘটনায় আলোড়ন ছড়িয়েছে। মঙ্গলবার শহরের একটি নার্সিংহোমে মৃত্যু হয় ওই বধূর। গত ২৫ ফেব্রুয়ারি তাঁর বিয়ে হয়। পরিবার সূত্রে খবর, সম্প্রতি ওই বধূর গ্লান্ড টিবি ধরা পড়ে। শিলিগুড়িতে একটি নার্সিংহোমে চিকিৎসা করাচ্ছিলেন তিনি। শিলিগুড়ির ওই নার্সিংহোমের তরফে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্যদপ্তরকে দিন কয়েক আগে বিষয়টি জানানো হয়। কিন্তু তাঁর যক্ষ্মার চিকিৎসার ব্যাপারে জেলা স্বাস্থ্যদপ্তর খোঁজখবর নেওয়ার আগেই এদিন মৃত্যু হয় ওই বধূর।
জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (তিন) সুদীপ্ত মণ্ডল বলেন, যক্ষ্মায় আক্রান্ত ২৬ বছরের এক মহিলার এদিন জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে মৃত্যু হয়েছে। তাঁর গ্লান্ড টিবির ব্যাপারে আমরা দিন কয়েক আগেই জানতে পেরেছিলাম। বেসরকারি জায়গায় চিকিৎসা করাচ্ছিলেন তিনি। আমরা তাঁর চিকিৎসার নথিপত্র খতিয়ে দেখব।
অবহেলা করলে টিবিতে মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে এদিন জানিয়েছেন সুদীপ্তবাবু। তিনি বলেন, জলপাইগুড়ি জেলায় বিশেষ করে চা বলয়ে ফি বছর বেশকিছু মানুষের যক্ষ্মায় মৃত্যু হয়ে থাকে। টিবি রোগীরা ওষুধ চলাকালীন যাতে পুষ্টিকর খাবার পান, সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য এখন যক্ষ্মা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলাকালীন সময়ে ভালো খাবারদাবার নিশ্চিত করতে ‘দত্তক’ নেওয়ার প্রকল্পও চালু হয়েছে।