


নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার অন্তর্গত কুনুস্তোড়িয়া ২ নম্বর পিটে বৃহস্পতিবার ভারতীয় কয়লা মজদুর মঞ্চের উদ্যোগে আয়োজিত পিট মিটিংকে কেন্দ্র করে উত্তেজনার তৈরি হয়। অভিযোগ, মিটিং শুরু হওয়ার আগেই ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় মজদুর সংঘের সঙ্গে যুক্ত কয়েকজন সেখানে পৌঁছে মিটিংয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। সেই সময় সংগঠনের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও হাতাহাতির ঘটনাও ঘটে বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একদিকে ভারতীয় কয়লা মজদুর মঞ্চের সদস্যরা বিজেপির শীর্ষ নেতৃত্বের ছবি সম্বলিত ব্যানার লাগিয়ে পিট মিটিং করতে উদ্যোগী হন। অন্যদিকে বিরোধী পক্ষের বক্তব্য, তাঁরা কোনও সংগঠনের মিটিংয়ের বিরোধী নন। কিন্তু বিজেপির নাম ও নেতাদের ছবি ব্যবহার করে পিট বন্ধ রেখে মিটিং করা এবং রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। এই বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পিট চত্বরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি যাতে আরও জটিল না হয়ে ওঠে, সেই কারণে ঘটনাস্থলে পৌঁছয় ইসিএলের নিরাপত্তা বিভাগ, সিআইএসএফ এবং স্থানীয় পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেশ কিছুক্ষণ ধরে চলা উত্তেজনার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতীয় কয়লা মজদুর মঞ্চের পক্ষ থেকে পুনরায় পিট মিটিং সম্পন্ন করা হয়।