


তাই পো, ২৭ নভেম্বর: হংকংয়ের বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। গতকাল, বুধবার দুপুরে তাই পো ডিস্ট্রিক্টের ওই আবাসন কমপ্লেক্সের একাধিক টাওয়ারে আগুন লাগে। যা ক্রমেই বাড়তে থাকে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে দমকলের কর্মীরা। আজ, বৃহস্পতিবার সকালেও জ্বলছে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাইভ ক্লাস দমকল কর্মীদের ডাকা হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ জনের। যার মধ্যে রয়েছেন দমকলের কর্মীরাও। নিখোঁজ আরও ২৭৯। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই আবাসন কমপ্লেক্সে সাড়ে চার হাজার মানুষের বাস। সেখানে সংস্কারের কাজ চলছিল।
সেই কারণে বহুতলের গায়ে বাঁশের মাচা ও প্লাস্টিকের জাল বাঁধা হয়েছিল। অনুমান করা হচ্ছে, ওই মাচা থেকেই আগুন কমপ্লেক্সের অন্য বহুতলগুলিতেও ছড়িয়ে পড়ে। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে চীনের প্রশাসন। কীভাবে লাগল আগুন? ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে হংকং পুলিশ। গত তিন দশকে হংকংয়ে এইধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ধৃত তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।