


ওয়াল্টহাম: ফুটবলার হিসেবে জিতেছিলেন বিশ্বকাপ। কোচ হিসেবেও ইতিমধ্যে বিশ্বসেরার মুকুট অর্জন করেছেন দিদিয়ের দেশঁ। তাঁর প্রশিক্ষণে পরপর দু’বার ফাইনালে ওঠে ফ্রান্স। রাশিয়ায় ২০১৮-তে শেষ হাসি হাসলেও ২০২২ কাতার বিশ্বকাপে খেতাব হাতছাড়া হয়েছিল আর্জেন্তিনার কাছে। ফাইনালে ব্যর্থতার পরেও দেশঁর উপরই আস্থা রেখেছিল ফরাসি ফুটবল ফেডারেশন। তবে ২০২৬ বিশ্বকাপের পর নিজে থেকেই সরে দাঁড়ানোর কথা আগাম ঘোষণা করেছেন দেশঁ। বিদায়ের আগে কোচকে আরও একবার ট্রফি উপহার দিতে বদ্ধপরিকর ফ্রান্স ফুটবলাররা। এই প্রসঙ্গে দলের অন্যতম তারকা ওসুমানে ডেম্বেলে বলেন, ‘আমরা জানি, বিশ্বকাপের পরই বিদায় নেবেন কোচ। কাপ জিতে সেই মুহূর্তটাকে আলোকিত করতে চাই। তাঁর কোচিংয়ে জাতীয় দলের পারফরম্যান্স দারুণ ঈর্ষণীয়। তাঁকে পাশে পেয়ে আমরাও গর্বিত।’
২০১২ সালে লরাঁ ব্লাঁ’র জায়গায় ফ্রান্স দলের দায়িত্ব নেন দেশঁ। ইতিমধ্যেই বিশ্ব ফুটবল আঙিনায় সবচেয়ে বেশি সময় কোনো একটি জাতীয় দলের দায়িত্বে থাকার রেকর্ড গড়েছেন তিনি। দীর্ঘ ১৪ বছরের কোচিং কেরিয়ারে স্বাদ পেয়েছেন ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ নেশনস কাপ। এছাড়া ২০১৬ ইউরো ও ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠে ফরাসি ব্রিগেড। এবারের কাপ যুদ্ধেও অন্যতম ফেভারিট তারা। ডেম্বেলে অবশ্য তা মানতে নারাজ। বললেন, ‘এবারের বিশ্বকাপ জয়ের দৌড়ে থাকবে অনেক দলই। আর্জেন্তিনা তাদের মধ্যে অন্যতম। আমি নিশ্চিত, খেতাব ধরে রাখতে চেষ্টার কসুর রাখবে না ওরা। আবার স্পেন, পর্তুগাল, জার্মানি, ইংল্যান্ডও দারুণ শক্তিশালী দল। তাই এবারের বিশ্বকাপ জমবে।’