


বেঙ্গালুরু: প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রোজ্জ্বল রেভান্নাকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করল বেঙ্গালুরুর বিশেষ আদালত। অভিযোগ, পরিচারিকাকে দিনের পর দিন বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেছেন রেভান্না। গত ১৮ জুলাই এই মামলার শুনানি শেষ হয়েছিল। শুক্রবার সমস্ত প্রমাণের ভিত্তিতে রেভান্নাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আজ, শনিবার সাজা ঘোষণা।
রেভান্নার একটি বাগানবাড়িতে কাজ করতেন নির্যাতিতা। ২০২৪ সালে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। জানান, ২০২১ সাল থেকে বাড়িতে আটকে রেখে তাঁর উপর নির্যাতন চালিয়ে আসছেন রেভন্না। এতদিন ঘটনার ভিডিও ফাঁসের হুমকি দিয়ে তাঁর মুখ বন্ধ রাখা হয়েছিল। মাঝে দেশ ছেড়ে পালিয়েও যান দেবেগৌড়ার নাতি। তবে শেষরক্ষা হয়নি। দেশে ফিরলে, ২০২৪ সালের ৩১ মে, প্রাক্তন সাংসদকে গ্রেপ্তার করে পুলিস। এরপর আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করে কর্ণাটক পুলিসের বিশেষ তদন্তকারী দল(সিট)। কয়েক বছর ধরে পরিচারিককাকে বাড়িতে আটকে রেখে অত্যাচার, সেই ঘটনার ভিডিও তুলে রেখে ভয় দেখানো ইত্যাদি নানা অভিযোগের কথা উল্লেখ ছিল তাতে। শুক্রবার সমস্ত অভিযোগের ভিত্তিতে রেভান্নাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁর বিরুদ্ধে, যৌন হয়রানি, মহিলাদের স্টক করা, এমনকি তথ্যপ্রযুক্তি আইনের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগও রয়েছে।