


নয়াদিল্লি, ৩১ অক্টোবর: কোনো দিনই চুপ ছিলেন না। ককরোচদের আন্দেলন নিয়ে এর আগেও বলেছিলেন, ‘আমাকে দূরে রাখুন। আমি একজন শিল্পী, ব্রো’। এর সমালোচনা করেছিলেন সিজেপি চেয়ারম্যান অভিজিৎ দিপকে। এরপরে জনপ্রিয় গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের দিল্লি কনসার্ট ঘিরে ফের শুরু হয়েছে নতুন করে বিতর্ক। তাঁর ‘আই অ্যাম অ্যান আর্টিস্ট, ব্রো’ মন্তব্য এবং ছাত্র আন্দোলনের সময়কার নীরবতা নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে দিলজিৎ মঞ্চ থেকে দিলেন কড়া বার্তা। এরপরেই ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দিপকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন একটি খোলা চিঠি।
শুক্রবার, দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দিলজিৎ দোসাঞ্জের শো চলছিল। মঞ্চে হাজার হাজার দর্শকের সামনেই দিলজিৎ বলেন, ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি কারণ আমি একজন শিল্পী, ভাই। আমি চুপ আছি, তাই আমাকে চুপ থাকতে দিন। আমি আপনাদের সবাইকে সমর্থন করি। কিন্তু পঞ্জাবিদের লড়াই করা শেখাবেন না।’
দিলজিতের এই বক্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রতিক্রিয়া দিতে সময় নেননি অভিজিৎ দিপকেও। ইনস্টাগ্রামে খোলা চিঠি শেয়ার করেন ককরোচ নেতা। চিঠিতে তিনি লেখেন যে, ‘জুন মাসে যখন আমরা প্রতিবাদ করছিলাম, তখন আপনার কথাটি আমার খারাপ লেগেছিল। কষ্ট পেয়েছিলাম। তবে ছোট ভাই মনে করে এই বিষয়টিকে এখানেই শেষ করা অর্থাৎ ‘মিট্টি পাও’ (মিটিয়ে ফেলা) উচিত।’ চিঠিতে তিনি আরও লেখেন, ‘আমার আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অপরিবর্তিতই রয়েছে। আমি বরাবরই আপনার একজন ভক্ত। একটি মতবিরোধ বা ভুল বোঝাবুঝি আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং মুগ্ধতাকে পরিবর্তন করতে পারবে না।’
দিপকে শিকাগোতে দিলজিতের কনসার্টে যোগ দেওয়ার কথাও স্মরণ করেন পোস্টে। লেখেন, ‘আমি এখনও আপনার গান শুনি। সত্যি বলতে, ভারতে ফেরার ঠিক আগেই মে মাসে আমি শিকাগোতে আপনার কনসার্টেও গিয়েছিলাম, শুধু আপনার গানের জন্য নয়, কারণ আপনার প্রতি আমার বরাবরই অগাধ শ্রদ্ধা রয়েছে।’ এরপরেই তিনি তাঁদের মধ্যে চলা এই ‘ঠান্ডা লড়াই’ শেষ করার বার্তা দেন।