


নয়াদিল্লি, ৮ নভেম্বর: শীতের আমেজ ক্রমশ বাড়ছে উত্তর ভারতে। ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢাকছে বিস্তীর্ণ এলাকা। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। রবিবার, ৮ নভেম্বর উত্তর ভারতের অধিকাংশ রাজ্যেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। যদিও এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হওয়ার ও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুতেই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাতে পারে আবহাওয়ার মেজাজ। বিশেষ করে জম্মু-কাশ্মীর ও লাদাখে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
মৌসম দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দিল্লি এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে এবং রাজস্থানে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দিল্লিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকলেও সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাতেও আপাতত উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়লেও এখনই তাপমাত্রার বড়োসড়ো পতনের পূর্বাভাস দেয়নি মৌসম ভবন। তবে উত্তরাখণ্ডের কিছু এলাকায় আজ ও কাল বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আবহাওয়ার বড়ো পরিবর্তন আসতে পারে আগামী ১০ নভেম্বর থেকে। নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম হিমালয় অঞ্চলে প্রবেশ করতে চলেছে। এর প্রভাবে জম্মু-কাশ্মীর এবং লাদাখে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১২ নভেম্বর কাশ্মীর উপত্যকার কোথাও কোথাও ভারী বৃষ্টি অথবা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। হিমাচল প্রদেশেও এই সময় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।