


তিরুবন্তপুরম, ৮ নভেম্বর: ২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির সরকারের পতন হবে! এমনই দাবি করলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গতকাল কেরলের কোচিতে এসআইআর এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি।
দীপকের বক্তব্য, দেশে সরকার পরিবর্তন করতে হলে একমাত্র পথ নির্বাচন। তাই ২০২৯ সালের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন তিনি। তাঁর কথায়, জ্ঞানেশ কুমারকে যেতে হবে। তিনি গেলে নরেন্দ্র মোদিও ক্ষমতা হারাবেন। দিল্লির যন্তরমন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গও তোলেন সিজেপি প্রতিষ্ঠাতা। তাঁর দাবি, দেশের মানুষের খাদ্যাভ্যাস, ব্যক্তিগত সম্পর্ক এবং ভোটাধিকার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এসআইআর প্রক্রিয়াকেও নির্বাচনের ফলাফল প্রভাবিত করার হাতিয়ার বলে অভিযোগ করেন তিনি। মোদি সরকারের সঙ্গে ব্রিটিশ শাসনের তুলনা টেনে দীপক জানান, প্রতিবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। পাশাপাশি আম্বেদকর, গান্ধী ও নেহরুর আদর্শের কথাও তুলে ধরেন তিনি। এই কর্মসূচিতে বিভিন্ন যুব ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মেরিন ড্রাইভ থেকে রাজেন্দ্র ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন অভিনেতা প্রকাশ রাজ।